বিসিএস প্রশাসন ক্যাডার আপনার প্রথম পছন্দ কেন?
এই প্রশ্নের উত্তর নানাভাবে দেয়া যায়।
প্রথমত আপনি কীভাবে মোকাবেলা করবেন এটার উপর নির্ভর করে। যেমন - আমার হলের বন্ধু বর্তমানে ইউএনও কিন্তু শিক্ষা ছুটিতে অস্ট্রেলিয়া আছে। তাকে জিজ্ঞাসা করা হয়েছিল, প্রশাসন কেন প্রথম পছন্দ আপনার?
সে বলেছিল স্যার আমার বাবা মাদ্রাসার সুপার। বয়স্ক মানুষ। ছোট বেলা দেখতাম এসি ল্যান্ড বা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাদ্রাসায় আসলে বাবা চেয়ার ছেড়ে স্যারকে বসতে দিতেন। বাবা ম্যাজিস্ট্রেট স্যারকে অনেক ইজ্জত দিয়ে কথা বলতেন। আমি বিষয়টি গভীরভাবে খেয়াল করেছি কিন্তু বাবাকে বুঝতে দেয়নি। সেই থেকে আমার ম্যাজিস্ট্রেট হওয়ার খুব আকাঙ্খা। বলতে পারেন প্যাশন, আমাকে পেয়ে বসেছিল। সেজন্য আমার বিসিএস প্রশাসন ক্যাডারে আসার খুব আগ্রহ।
আবার আরেকজনকে জিজ্ঞাসা করা হয়েছিল যে, আপনি কেন বিসিএস প্রশাসন ক্যাডারে আসতে চান? সে বলেছিলো স্যার আমি ডিসি হতে চাই। এখন ডিসি তো এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ছাড়া কেউ হতে পারে না। তখন জিজ্ঞাসা করেছিল আপনি কেন ডিসি হতে চান? সে বলেছিল, স্যার আমার পক্ষে হয়তো বাংলাদেশকে পরিচালনা করার সৌভাগ্য নাও হতে পারে কিন্তু যদি ডিসি হতে পারি তাহলে বাংলাদেশের একটি অংশকে আমি সেবা করার সুযোগ পাবো। এটাও আমার কাছে
দেশ পরিচালনার সমান। সেজন্য আমি ডিসি হতে চাই।
আবার আরেকজন বলেছিল স্যার আমি সরকারের নীতিমালা প্রণয়ন করতে চাই বা প্রণয়নের সাথে সরাসরি যুক্ত থাকতে চাই। বিসিএস প্রশাসন ক্যাডারেই একমাত্র সেই সুযোগ আছে। সেজন্য আমি বিসিএস প্রশাসন ক্যাডারকে প্রথম পছন্দ দিয়েছি।
আপনি যদি বলেন, আমি প্রশাসন ক্যাডারে গিয়ে ব্লা ব্লা করবো এগুলো পিএসসি’র বোর্ড জানে। তারা আপনার কাছ থেকে ন্যাচারাল উত্তর চায়।
কখনো বইয়ের ভাষায় এসকল উত্তর দিবেন না। এগুলো প্রাকটিকাল উত্তর দিবেন। অর্থাৎ আপনি কাউকে দেখে অনুপ্রেরণা পেয়েছিলেন এই রকম প্রেক্ষাপটে।
© Hasan Zahid
Free