Free

ইমরান আল ফাহাদ - এর ৪০তম বিসিএস সফল ভাইভা অভিজ্ঞতা

Administrator 26 July 2026
সফল ভাইভা অভিজ্ঞতা
মো. ইমরান আল ফাহাদ, সাধারণ শিক্ষা ক্যাডার (সুপারিশপ্রাপ্ত), ৪০তম বিসিএস

জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে প্রাণিবিদ্যা বিভাগে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেছি। ভাইভা বোর্ডে তিনজন সদস্য ছিলেন। ভাইভার ব্যাপ্তি ছিল ১৫-১৬ মিনিটের মতো। ভাইভা বোর্ডে বেশ সাবলীল ছিলাম। ভাইভা দিয়ে আমি সন্তুষ্ট ছিলাম। ভেতরে প্রবেশ করে সালাম বিনিময়ের পর চেয়ারম্যান স্যার মাস্ক খুলে বসতে বললেন।

চেয়ারম্যান : আপনার বাড়ি কোথায়?
আমি : যশোর
চেয়ারম্যান : আপনার জেলায় সাম্প্রতিককালে কী কী উন্নয়ন হয়েছে।
আমি : ভৈরব নদীর খননকাজ, ই-বর্জ্য ব্যবস্থাপনা প্রভৃতি (এগুলো ছাড়া আর কোনো উন্নয়নের কথা বলতে পারিনি।)
চেয়ারম্যান : কোথায় চাকরি করেন?
আমি : ৩৭তম বিসিএস নন-ক্যাডার থেকে সহকারী উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে যশোর জেলার ঝিকরগাছা উপজেলায় কর্মরত।
চেয়ারম্যান : উপজেলার একজন কর্মকর্তা হিসেবে ওই উপজেলায় আপনি কী অবদান রেখেছেন?
আমি : পরিবার পরিকল্পনার কার্যক্রম ত্বরান্বিত করা, ভ্যাক্সিনেশন কার্যক্রম তদারকি এবং উপজেলার বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রমে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মহোদয়ের অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করেছি।
(চেয়ারম্যান স্যার এক্সটার্নাল স্যারকে প্রশ্ন করতে অনুরোধ করলেন)
এক্সটার্নাল-১ : আপনার ক্যাডার পছন্দক্রম সম্পর্কে বলুন...
আমি : বিসিএস প্রশাসন, পুলিশ, ইকোনমিক...
এক্সটার্নাল-১ : বর্তমান চাকরি (নন-ক্যাডার) ছেড়ে বিসিএস ক্যাডার কেন হতে চান? এর দুটি কারণ বলুন।
আমি : স্যার, দশম গ্রেডের নন-ক্যাডার চাকরি এবং প্রমোশন জটিলতা থাকার কারণে বর্তমান চাকরি থেকে সিভিল সার্ভিসে আসতে ইচ্ছুক।
এক্সটার্নাল-১ : জেলা পর্যায়ে প্রশাসন ক্যাডারের কর্মকর্তাদের বেতন গ্রেডসহ নাম বলেন।
আমি : সহকারী কমিশনার-নবম গ্রেড, সিনিয়র সহকারী কমিশনার-ষষ্ঠ গ্রেড, ডেপুটি কমিশনার/ডিসি-পঞ্চম গ্রেড।
এক্সটার্নাল-১ : সিনিয়র সহকারী কমিশনার কারা?
আমি : ইউএনও... (এনডিসি, এডিসি জেনারেল, এডিএম)
এক্সটার্নাল-১ : সেবা প্রদান প্রতিশ্রুতি সম্পর্কে বলুন।
আমি : আমার জানা নেই, স্যার। (সিটিজেন চার্টার হবে)
এক্সটার্নাল-২ : আপনি যে মন্ত্রণালয়ের অধীনে চাকরি করেন সে মন্ত্রণালয়ের বিভাগ কয়টি? নামগুলো বলুন।
আমি : দুটি—স্বাস্থ্য বিভাগ এবং স্বাস্থ্য, শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ।
এক্সটার্নাল-২ : আর কোন কোন মন্ত্রণালয়ে বিভাগ আছে?
আমি : অর্থ মন্ত্রণালয় ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় (এই দুটি ছাড়া আর কোনো মন্ত্রণালয়ের নাম বলতে পারিনি। আরো কয়েকটি মন্ত্রণালয়ের নাম বোর্ডের স্যাররা বলে দিলেন।)
এক্সটার্নাল-২ : স্বাধীনতার পর থেকে পরিবার পরিকল্পনার ক্ষেত্রে সরকার কী কী পদক্ষেপ নিয়েছে?
(এর উত্তর ভালোভাবে বলতে পারিনি।)
এক্সটার্নাল-২ : Define animal...
আমি : Animals are those living organizations which can’t produce food, depends on plants for food, having developed nervous system, able to move.
এক্সটার্নাল-২ : How you conserve endangered animals?
আমি : By restoring habitats, protect from hunting, de clearing protected area...
এক্সটার্নাল-২ : বাংলাদেশের প্রধান তিনটি নদীর জীবনচক্র বলুন।
(পদ্মা, মেঘনা, যমুনা নদীর উৎপত্তি থেকে শুরু করে বঙ্গোপসাগর পর্যন্ত প্রবাহ বিস্তারিত বলেছিলাম। কোন নদী কোন জেলা দিয়ে ভেতরে প্রবেশ করেছে, কোন কোন নদী কোথায় কার সঙ্গে মিলিত হয়েছে, মিলিত হয়ে কী নামে সাগরে প্রবেশ করেছে, গুছিয়ে বলেছি। উত্তরে তাঁরা সন্তুষ্ট হয়েছেন।)
চেয়ারম্যান : ধন্যবাদ, এখন আসতে পারেন।

আমি : স্যার, আপনাদেরও ধন্যবাদ। আসসালামু আলাইকুম।